ভাবো যদি
সুস্মিতা কুণ্ডু
মেঘলা দিনে দীঘির জলে
পড়ল ছায়া গাছের তলে।
ধূসর মেঘের পালটা তুলে
আকাশ গাঙে নৌকো চলে।
বকের পাখায় ছড়িয়ে সাদা
সবুজ ঘাসে নরম কাদা।
আয় কে যাবি রূপনগরে
ক্রোশ উজিয়ে দূর শহরে।
সেথায় আছে রাজার বাড়ি
রাণীর অঙ্গে রেশমী শাড়ি।
রেশম বোনে দর্জি খুড়ো
চোখে ছানি বেজায় বুড়ো।
বুড়োর তাঁতে ঘটাংঘট
ঘোড়ার খুরে খটাংখট।
রাজপ্রাসাদে অনেক কাজ
সোনায় দানায় হীরের সাজ।
তবুও সেথায় মন লাগেনা
ভোরের বেলায় ফিঙে ডাকেনা।
নাগরা জুতোয় ঢাকল পা
শিশিরে তাই ভিজল না।
চল ফিরে যাই সেই গাঁয়েতে
পথ চেয়ে রয় বাপ মায়েতে।
মনের খুশি যেথায় বাঁধা
সহজ সেথায় সকল ধাঁধা।
ভাবলে মুঠোয় আকাশ আছে
ভাবলে খুশি বুকের মাঝে।
(সমাপ্ত)

No comments:
Post a Comment