ছড়া: আমচোর


 আমচোর
সুস্মিতা কুণ্ডু

এই ছেলেটা! শোননা হেথা, 
একটা দুটো বলব কথা,
কোঁচড়ে কী? লুকোস কেন?
আমের ম’ত দেখতে যেন! 

বোসেদের ঐ বাগানটা কি?
আঁকশি দিয়ে পাড়লি নাকি?
দে না আমায়, দেখব চেখে,
বিটনুন আর লঙ্কা মেখে!

কী বললি? বাজারে কেনা?
ঢপ দিস না, আছে জানা।
বেশ! তবে যদি কেনা এ আম
একগণ্ডার হয় কত দাম?

পারলি না কো? জানতুম তো!
সব কথা তোর মিথ্যে যত!
চুরি করে আম পেড়েছিস
বড্ড যে তুই বাড় বেড়েছিস! 

শিগ্গির দে ভাগটা আমায়
নইলে খবর দেব থানায়!
কান ধরে আর লাভ কী হবে?
হাজতঘরে ঠাঁইটি হবে!

ও কী! ও কী! পালাস ভয়ে,
আম যে পড়ে রইল ভুঁয়ে! 
হো হো হে হে হি হি হা হা!
দিলুম বটে ভড়কি খাসা!

ভীতু ছোঁড়া পগার পার!
আমের ঝোলা সব আমার।
বেশটি করে ছাল ছাড়িয়ে,
কামড় দিলুম নুন মাখিয়ে।

উরেব্বাবা! দাঁত যে গেল!
টকেতে চোখ আঁধার হ’ল,
আম তো নয়, টকের বোমা,
খেলে পরেই সটান কোমা! 

চোরের ওপর বাটপাড়ি,
গেল আমার দাঁতের মাড়ি,
আর খাব না চুরির আম,
কিনব দিয়ে সঠিক দাম।

(সমাপ্ত)

No comments:

Post a Comment