ছড়া : মৌমাছি মৌমাছি


মৌমাছি মৌমাছি
সুস্মিতা কুণ্ডু

‘মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি?’

“ফুলবাগানে বৃষ্টি ভিজে
ধরল জ্বর আর সর্দি হাঁচি।
হাজারটা কাজ রয়েছে পড়ে,
সারলে যে হাঁফ ছেড়ে বাঁচি।”

‘মৌমাছি মৌমাছি, বদ্যি দেখাও জলদি আজই।’

“বদ্যি কোথায় পাবো এখন
বোলতা যে হায় কবিরাজই,
গেলে ‘পরেই হুল বিঁধিয়ে
ইঞ্জেকশন দিতে রাজী।”

‘মৌমাছি মৌমাছি, বোলতা ব্যাটা বড়ই পাজী!’

‘যেওনাকো কোবরেজঘর 
সুস্থ তুমি হ’বে আজই,
চিবিয়ে খেলে তুলসী মধু
দূর ভাগবে জ্বর বাবাজী।’

‘মৌমাছি মৌমাছি, রয়েছে ভরে ফুলের সাজি।’

“সবুজ ঘাসে মাঠ যে ঢাকা
ফুলে ভরা সকল গাছই,
নীল আকাশে পাখনা মেলে
মন লাগেনা কোনও কাজেই।”

‘লাল নীল আর হলদে রঙে তাল মিলিয়ে এসো নাচি, 
ফুলে ফুলে ঘুরে ঘুরে, গান শুনিও, ও মৌমাছি।’

(সমাপ্ত)

ছবি: আমি 🙂

No comments:

Post a Comment