ছড়া : ভূতের ছানা






ভূতের ছানা
সুস্মিতা কুণ্ডু 

ভূতুমপুরে থাকত যে এক মিষ্টি ভূতের ছানা,
দিনের বেলায় হেথাহোথা চরতে যে তার মানা।

মায়ের নাম আন্নাকালী, বাবার নামটি চণ্ড,
ভূতের ছানা বাবা মায়ের বাধ্য যে প্রচণ্ড।

ভূতের পাড়ার সবকটা ভূত ঘুমোয় দিনে কষে,
রাত বাড়লেই ঘাড় মটকে জমিয়ে রক্ত চোষে।

ভূতের ছানার মন্দ কপাল পায়না দিনে ঘুম,
শিকার ধরতে রাতদুপুরে ঢুলতে লাগে ধুম।

মানুষছানা বড্ড ভালো বন্ধু হ’তে চায়,
বাবা মায়ের বারণ আছে, তাই তো মেশাই দায়।

ভূতের ছানার ভাল্লাগেনা ভয় দেখাতে আর,
ইচ্ছে করে লুকোচুরি খেলতে শুধুই তার। 

একদিন ঠিক রাতদুপুরে গেল মানুষ পাড়া, 
হঠাৎ শোনে “টুকি” বলে দিচ্ছে যে কেউ সাড়া। 

ইতিউতি চেয়ে দেখে খাটের তলা থেকে,
ঝুঁটি বাঁধা মানুষছানা উঠল তাকে ডেকে।

ভূতের ছানার তাই না দেখে পেল বেজায় হাসি,
খিলখিলিয়ে দুজন মিলে হাসল রাশিরাশি।

সারাটি রাত খেলল দু’জন কতরকম খেলা,
মানুষছানা ভূতেরছানা করল মজা মেলা।

সকাল হ’তে ভূতের ছানা বলল “টাটা বাইবাই!”
“রাতের বেলায় আসব আবার, এখন তবে যাই।”

(সমাপ্ত)

No comments:

Post a Comment