ছড়া : হস্তিবাবু ও টিয়েরানি




হস্তিবাবু ও টিয়েরানি
সুস্মিতা কুণ্ডু

মস্তিপুরের হস্তিবাবু, 
লম্বা লম্বা কান
শুঁড়টি তুলে মুণ্ডু নেড়ে, 
কালোয়াতি গান।

ঠুংরি গজল খেয়াল ধরেন, 
সকাল এবং রাত্রি
গানের গুঁতোয় বেহাল সবাই, 
খোঁজেন বিয়ের পাত্রী।

টোপর পরে, লেজটি নেড়ে
হস্তিবাবুর বিয়ে
কনে হলেন পাশের গাঁয়ের
সুন্দরী, নাম টিয়ে। 

টিয়ারানি বললে এসে
“ওহে বাপু শোনো
আমার ঘরে বেসুরো গান
চলবে না কো কোনো”

শুনে বেজায় মনটা খারাপ
হস্তিবাবু ভাবেন,
কী কুক্ষণে বে’থা হ’ল
এবার কোথায় যাবেন। 

হস্তিবাবুর কষ্ট দেখে
টিয়ের মনটি গলল,
বাজার থেকে বাদ্যযন্ত্র
আনতে কিনে চলল।

অনেক ভেবে টিয়ারানি
আনল কিনে বাঁশি,
গিফটি পেয়ে হস্তিবাবুর
ফুটল মুখে হাসি।

লম্বা শুঁড়ে জোর দিয়ে ফুঁ
লাগাও দেখি কষে,
সবাই শুনবে নতুন সুর
চুপটি করে বসে। 

(সমাপ্ত)

No comments:

Post a Comment