ছড়া : সাতরঙা শুঁয়োপোকা



সাতরঙা শুঁয়োপোকা
সুস্মিতা কুণ্ডু

সাতরঙা শুঁয়োপোকা
এঁকেবেঁকে চলে,
কিলবিল পিলপিল
ভারী খলবলে। 

পায়ে তার বুটজুতো
থপ থপ থপ,
ডালে ডালে লাফিয়ে
হপ হপ হপ।

পাতা খায় রাশি রাশি
সবুজ আর কচি,
ভালো ভালো খাবারে
নেই কোনও রুচি।

মাথা তার গোলপানা
টিকি আছে দুটি,
ঘাসেদের ওপরে সে
খায় লুটোপুটি। 

নানা রঙ ফুল ফোটে
বাগানের বুকে,
শুঁয়োপোকা গায় আর
নাচে মহাসুখে।

ঝিকিমিকি নীল আকাশে
মেঘ ওড়ে ওই,
শুঁয়োপোকা ঘাড় নেড়ে
বলে টাটা বাই।

(সমাপ্ত)

No comments:

Post a Comment