সুস্মিতা কুণ্ডু
হপ হপ হিপিটি হপ
ব্যাঙু খায় গপাৎ গপ,
মাছি মশা আর ফড়িং
রোজ খেতে হয়, কী বোরিং!
হপ হপ হিপিটি হপ
ব্যাঙু চলল থপাস থপ,
“যাবই যাব শহর এবার
সেথায় পাব ভালো খাবার।”
হপ হপ হিপিটি হপ
দাঁড় বাইল ছপাৎ ছপ,
পদ্মপাতার নাও ভাসিয়ে,
বিশাল নদী যায় উজিয়ে।
হপ হপ হিপিটি হপ
সারাটি দিন রোদের তাপ,
মাথায় দিল ব্যাঙের ছাতি,
ভিড়ল ঘাটে সন্ধে রাতি।
হপ হপ হিপিটি হপ
ব্যাঙু খেল মোচার চপ,
আরও খেল কোক চাউমিন
নাচলে সুখে ‘তা ধিন তা ধিন’!
হপ হপ হিপিট হপ
হলুদ বুটি সবুজ টপ,
ব্যাঙি দিয়েছে লিস্টি হাজার,
শপিং মলে করতে বাজার।
হপ হপ হিপিটি হপ
বাস ধরল ঝপাস ঝপ,
ব্যাঙু গেল বাঙুর মোড়
ট্র্যাফিক জ্যামে ফাঁসল জোর।
হপ হপ হিপিটি হপ
হঠাৎ, এ কী! খপাৎ খপ,
বাসের ভেতর ছিল চীনে
ভাজবে ব্যাঙ, ভরবে টিনে।
হপ হপ হিপিটি হপ
গরম কড়ায় ধপাস ধপ,
ব্যাঙু দিল মস্ত লাফ,
“ঘাট হয়েছে, চাইছি মাফ!”
হপ হপ হিপিটি হপ
“খুব বেঁচেছি বাপ রে বাপ!
খেতে গিয়ে ভালো মন্দ
হলুম আমি ভারি জব্দ!”
হপ হপ হিপিটি হপ
মনে মনে করল জপ,
‘শহর মোটেও ভালো না
গেলুম ফিরে সবুজ গাঁ’
(সমাপ্ত)

No comments:
Post a Comment