সুস্মিতা কুণ্ডু
ছোট্ট মেরী, মিষ্টি মেরী, ভারি মজার মেয়ে,
সারাটা দিন বেড়ায় ঘুরে নেচে আর গেয়ে।
তা ধিন ধিনা, না তিন তিনা, তেরে কেটে তুম্,
নেইকো মোটে ক্লান্তি কোনও, নেইকো চোখে ঘুমে।
মেরীর খেলার সাথী পরী, ছোট্ট মিষ্টি ভেড়া,
তুড়ুক তুড়ুক লাফায় ঝাঁপায়, টপকে বাঁশের বেড়া।
পরীর গায়ে দুধসাদা লোম, যেন তুষার মোড়া,
ডাগর কালো চোখ দু’খানি, মায়া হৃদয়জোড়া।
মেরী-পরী দুই মিতা যে সদাই সাথে সাথে থাকে,
কারোর যে নেই সাধ্যি ওদের তফাৎ করে রাখে!
ঘটল বেজায় বিপদ হঠাৎ, বলি কাণ্ডখানা,
মেরী গেল পাঠশালাতে, করতে পড়াশোনা।
জলের বোতল গলায় নিয়ে, পরী চলল পিছুপিছু,
মেরীর সাথে ‘অ আ ক খ’, শিখেই নেবে কিছু।
ক্লাসঘরেতে চক খড়ি আর ব্ল্যাকবোর্ডটি দেখে,
পরী হ’ল বেজায় খুশি চকের গুঁড়ো মেখে।
পাঠশালেতে ছিল যত খোকাখুকুর দল,
সবাই এসে বলল হেসে, ‘পরীর বন্ধু হ’ব চল’।
সবাই মিলে মাতল খেলায় লেখাপড়া ভুলে
হই হই করে, বই খাতা পেন, রাখল শিকেয় তুলে।
এমন সময় ক্লাসঘরেতে এলেন পণ্ডিতমশাই
কাণ্ড দেখে বললেন রেগে “বেত দু’খানি কই?”
তাই না শুনে শান্ত হয়ে, সবাই বসল চুপটি করে,
মেরী-পরী দু’জনেরই চোখ দিয়ে জল ঝরে।
পণ্ডিতমশাই বললে তাদের “ডোন্ট ওয়ারি, ইটস ওকে!
পরের বারে এমন করলে দেবই দেব বকে!”
“শিগ্গির ওই ভেড়ার ছানা, রেখে এসো বাইরে,
ক্লাসের ভেতর গণ্ডগোলের মোট্টে যে নেই ঠাঁই রে।”
“পাঠশালেতে নিয়ম আছে পুষ্যি আনা বারণ
পরীকে ক্লাসের বাইরে রাখার এটাই হ’ল কারণ।”
“আর একটু ক্ষণ পরেই যখন বাজবে ছুটির ঘন্টা,
তখন পরীর সঙ্গে খেলো ভরে প্রাণ আর মনটা। “
পরীও ভারী লক্ষ্মীছানা বুঝল নিয়ম যত,
ক্লাসঘরেরই বাইরে হ’ল অপেক্ষাতে রত।
ধয্যি ধরে রইল বসে, আশায় চেয়ে পথটি,
কখন ছুটি পাঠশালাতে, দেখবে মেরীর মুখটি।
যেইনা বাজল ঘন্টা ছুটির, ঢিং ঢ্যাং ঢ্যাং ঢং!
অমনি পরী লাফটি মারে, টিং পিং আ পিং পং!
মেরী আর যত নতুন বন্ধু, এল সবাই ছুটে,
পরীর সাথে খেলবে বলে, নেবে মজা লুটে।
আনন্দেতে মেরীর কোলে পরী লাফায় ঝাঁপায়,
তাই না দেখে অবাক হয়ে বন্ধুরা সব শুধোয়।
“পরী ছোট্ট পশুর শিশু, বোঝেনা মোদের ভাষা
তবুও কেন মেরীর প্রতি, পরীর এত্ত ভালোবাসা?”
পণ্ডিতমশাই বললেন তখন, “মেরী যে ভালোবাসে,
তাই তো পরী সবই বোঝে, আরও কাছে আসে!”
মেরী-পরী বড়ই খুশি, খেলার সঙ্গী হ’ল কত,
পাঠশালারই ছেলেমেয়েরা, বন্ধু হ’ল যত।
পণ্ডিতমশাই বললে হেসে, ‘শুনছ মেরী-পরী’
নিয়ম মেনে চললে সবাই, ভালোবাসবে ভারি।
(‘মেরী হ্যাড আ লিটল ল্যাম্ব’-এর ছায়া অবলম্বনে)

No comments:
Post a Comment