পাঁচটা হাঁসের ছানা
প্যাঁক প্যাঁক দিনভর,
মাঠেঘাটে ঘোরে আর
বেড়ায় নদীর চর।
বিকেলবেলা মা ডাকে
‘বাছারা ঘরে আয়,’
চারটে মোটে ফিরে আসে
একটি কোথায় হায়!
‘বাছারা ঘরে আয়,’
চারটে মোটে ফিরে আসে
একটি কোথায় হায়!
চারটি হাঁসের ছানা
ঘুরতে গেল ফের,
কেঁচো খেল, পোকা খেল
গুগলি খেল ঢের।
মা ডাকে ‘আয় আয়’
তিনটি এল মোটে,
চিন্তায় মা-র ঘুম হয় না
কষ্টে বুকটি ফাটে।
কষ্টে বুকটি ফাটে।
তিনটি ছানা ফের বেরল
না শুনে মা-র কথা,
দীঘির জলে সাঁতার দিল
হারাল এক সেথা।
ভয়ে ভয়ে ফের ডাকে মা
‘বাছারা কোথায় গেলি?
তিনটি মিলে ঘুরতে গিয়ে
দুইটি ফিরে এলি?’
‘বাছারা কোথায় গেলি?
তিনটি মিলে ঘুরতে গিয়ে
দুইটি ফিরে এলি?’
দুইটি ছানা ডানপিটে
ভয় ডর নেই প্রাণে,
লুকিয়ে বেরোয় ভোরবেলা
মা-র কথা না মানে।
খুঁজতে গিয়ে ফের মা দেখে
একটি ছানাই বসে,
প্যাঁক প্যাঁক ডাকটি ছেড়ে
মা কাঁদতে লাগে কষে।
শেষ ছানাটি মাঝরাতে
খুঁজতে বেরোয় ভাইবোন,
চারজনকে নিয়েই ফিরবে
এই করেছে পণ।
একটি ছানাও রইলনাকো
হাঁস-মা কী যে করে!
এমন সময় হাঁসেদের বাবা
ফিরে এল যে ঘরে।
জোর গলাতে ডাকল বাবা
“খোকা খুকু আয় ফিরে!”
পাঁচটি ছানাই এল ঘরে
নাচে বাবা মা-কে ঘিরে।
(পপুলার ইংরাজি নার্সারি রাইম ‘Five little ducks went swimming one day’-এর
ছায়া অবলম্বনে ছড়াটি লেখা)

No comments:
Post a Comment