ছড়া: হালুম বাঘু



হালুম বাঘু
সুস্মিতা কুণ্ডু

আমি একটি বাঘুর ছানা
‘হালুম’ আমার নাম,
নদীর ধারে সবুজ বন
সেথায় আমার ধাম।

হলুদ কালোয় ডোরাকাটা
রঙটি আমার ঝলমল,
গলা আমার বাজখাঁই, আর
গায়ে বিশাল বল।

তোমরা আমায় ভয় পেওনা
আমি মোট্টে রাগী নই,
পশু পাখি খাই না ধরে
খাই চিঁড়ে আর দই।

গাছের ফল আর নদীর জল
এটাই আমার খাদ্য,
দস্যি আমি নইকো মোটে
বেজায় আমি বাধ্য। 

পাঠশালে যাই পড়িলিখি
বন্ধু আমার কত,
ময়না টিয়া সিংহ হাতি
যেথায় আছে যত।

তোমরা যদি খেলতে আসো
সবুজ বনের ধারে,
একটিবার ডেকো আমায়
‘হালুম’ বলে জোরে।

মিলেমিশে থাকব আমি
খেলব সবার সাথে,
বাঘুর ছানা হলেও আমি 
খুশি দুধ আর ভাতে।

(সমাপ্ত)

No comments:

Post a Comment