ছড়া : লাগ ভেলকি

#লাগ_ভেলকি
#সুস্মিতা_কুণ্ডু



সবজে ঘাসে 
ফুলের বাসে
রাংতা মোড়া আকাশ পানে,

ফড়িং নাচে
পিঁপড়ে হাঁচে
চাপবি তো আয় উড়ন যানে।

সাঁই ফটাফট
কান কটাকট
চক্ষু মুদে প্যাঁচা ঢোলে,

দাঁত কপাটি
লাগাও চাঁটি
বেসুরো তাল কাঠের খোলে।

গাছের মাথায়
ব্যাঙের ছাতায়
রোদ মাখানো হলুদ বাটা,

নদীর পাড়ে
ছপাৎ দাঁড়ে
নৌকো দোলে জোয়ার ভাঁটা।

সেই নগরে
ফুল টগরে
রাস্তাঘাটে বিছিয়ে সাদা,

চলছে মেলা
হাজার খেলা
লাড্ডু পাঁপড় পেটটি নাদা।

হেঁইয়ো করে 
চলছে জোরে
হুনহুনা সব পালকি দোলা,

পাগলা সাধু
জমায় জাদু
ভেলকি বোঝাই চটের ঝোলা। 

চরকি বাজি
আলোর সাজি
মাঝ আকাশে ফানুস ছোঁড়ে,

থাকলে ডানা 
নেইকো মানা
হাউই চেপে যাক না উড়ে।

(সমাপ্ত)

কিশলয় ব্লগে প্রকাশিত। 

ছবি: ছানামশাই!

No comments:

Post a Comment