ছড়া : লাগ ভেলকি

#লাগ_ভেলকি
#সুস্মিতা_কুণ্ডু



সবজে ঘাসে 
ফুলের বাসে
রাংতা মোড়া আকাশ পানে,

ফড়িং নাচে
পিঁপড়ে হাঁচে
চাপবি তো আয় উড়ন যানে।

সাঁই ফটাফট
কান কটাকট
চক্ষু মুদে প্যাঁচা ঢোলে,

দাঁত কপাটি
লাগাও চাঁটি
বেসুরো তাল কাঠের খোলে।

গাছের মাথায়
ব্যাঙের ছাতায়
রোদ মাখানো হলুদ বাটা,

নদীর পাড়ে
ছপাৎ দাঁড়ে
নৌকো দোলে জোয়ার ভাঁটা।

সেই নগরে
ফুল টগরে
রাস্তাঘাটে বিছিয়ে সাদা,

চলছে মেলা
হাজার খেলা
লাড্ডু পাঁপড় পেটটি নাদা।

হেঁইয়ো করে 
চলছে জোরে
হুনহুনা সব পালকি দোলা,

পাগলা সাধু
জমায় জাদু
ভেলকি বোঝাই চটের ঝোলা। 

চরকি বাজি
আলোর সাজি
মাঝ আকাশে ফানুস ছোঁড়ে,

থাকলে ডানা 
নেইকো মানা
হাউই চেপে যাক না উড়ে।

(সমাপ্ত)

কিশলয় ব্লগে প্রকাশিত। 

ছবি: ছানামশাই!

ঝুমকোতারার বন্ধুরা



#colorpencilonpaper by Sukanta Mondal
(কত্তা এঁকেচেন বলে দাবী করলেও আসলে ছানা আঁকতে দিয়েচেন তাই আঁকতে পেরেচেন কিনা! তাই ছানার দাবীতে তার নামটিও খোদাই করেছেন ছানার বাপ।)

#ঝুমকোতারার_বন্ধুরা
#সুস্মিতা_কুণ্ডু

তারপর তো ঝুমকোতারার ভারি মন আনচান করতে লাগল, একটু দূরেই সব খেলুড়েরা গোল হয়ে ‘আনি মানি জানি না’ খেলছে ঘুরে ঘুরে। ও-ই বা কতক্ষণ লুক্কে থাকে! আবার যেতেও কিন্তুকিন্তু লাগছে, যদি ওকে না নেয় দলে? ও যে সবার চে’ বড় আলাদা। সেইজন্যই বুঝি ওরা কখনও ওকে খেলতে ডাকেনা।

অনেক ভেবে শেষমেষ মনে মনে ‘আভি নেহি তো কভি নেহি’ বলে ঝুমকো এগিয়ে গেল খেলুড়েদের দিকে। ওকে দেখে সব্বাই খেলা থামিয়ে বড় বড় চোখ করে চেয়ে রইল। ঝুমকোতারা বললে,
-“হ্যাঁ গা! আমায় তোমরা খেলতে নেবে?”
কমলি ভমলি টমলি সমস্বরে বললে,
-“ত্ তুমি সত্যি সত্যিকারের আমাদের সাথে খেলবে?”
ঝুমকোতারা এট্টু ভরসা পেয়ে বলে,
-“কেন খেলবো না? তোমরা দলে নিলেই দিব্যি খেলব!”
ওরা বলে,
-“তুমি কত্ত সুন্দর! কত রঙ তোমার গায়ে! লাল নীল বেগনে সবুজ! আর আমাদের তো সেই একঘেঁয়ে কমলা! তোমার বুঝি ভারি গুমোর, এমনটা ভেবেই তো আমরা তোমায় কখনও ডাকতে সাহস পাইনি। তুমি তবে আমাদের দলের রানি হবে এসো!”

ঝুমকোতারা তো বেজায় অবাক হয়ে বলে,
-“দ্যাখো কাণ্ড! আমি ভাবি, আমি তোমাদের মত কমলা নই বলে বুঝি তোমরা আমায় দলে নাও না! আমরা সবাই কী বোকা! আজ থেকে আমরা সক্কলে তাহলে দোস্ত হ’লুম! কেউ রানি নয়, কেউ রাজা নয়, কেউ দাসী নয়, কেউ প্রজা নয়!”

তাপ্পর ঝুমকোতারা, কমলি ভমলি টমলি সব্বাই মিলে পাখনা নেড়ে সাঁতরে খেলতে শুরু করল। আমারও খুব ইচ্ছে করছিল ওদের সাথে খেলতে কিন্তু কী করব? আমি তো আর জলের তলায় থাকতে পারিনে!

ছবি: সুকান্ত