টিং টিং

টিং টিং
সুস্মিতা কুণ্ডু

রুমালে ঘামটা মুছে নিয়ে দৌড়ে ট্রামটায় উঠলেন গণপতিবাবু... মানে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন ট্রামের ভেতর। কোনওমতে রডটা ধরে উঠে দাঁড়িয়ে হাঁটুটায় হাত বোলাতে লাগলেন। বেশ জোরেই লেগেছে। আশপাশ থেকে কথা উড়ে আসতে লাগল,
-“বয়স তো অনেক হ’ল দাদু!”
-“নিজেকে এখনও ছোকরা ভাবলে চলবে?”
-“এত তাড়া কীসের ওপরে যাওয়ার?”

কানটা গরম হ’তে লাগল ধীরে ধীরে গণপতিবাবুর। উত্তেজিত হয়ে একটা কিছু বলতে গেলেন কিন্তু তার আগেই মাথাটা কেমন ঘুরে গিয়ে দ্বিতীয়বার পড়ে গেলেন ট্রামের ভেতর। 

বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফিরতে চোখ খুলে গণপতিবাবু আবার সেই একই গলাগুলো শুনতে পেলেন।
-“ও দাদু ডাবের জলটা শিগগির খেয়ে ফেলুন দেখি! এই বয়সে কেউ এমন করে দৌড়য়? পরের ট্রামটা ধরতেন না হয়!”
-“ঠিকানাটা বলুন দাদু, আমরা ছেড়ে দিয়ে আসি একটা ট্যাক্সি করে।”
-“এই নিন আপনার মানিব্যাগটা, পড়ে গেছিল”

রাস্তার ধারে ফুটপাথে বসে গণপতি ডাবের জলে চুমুক দিয়ে ভাবে, ট্রামটার মতই ধীর গতিতে মানুষের মনের নরম অনুভূতিগুলোও বয়ে চলেছে এখনও। বিলুপ্ত হয়ে যায়নি পুরোপুরি।